2012-08-18 06:03:04
ওমরাহ পালন শেষে দেশে ফিরেছেন খালেদা জিয়া
সিলেটনিউজ২৪.কম
পবিত্র ওমরাহ পালন শেষে গতকাল সকালে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপার্সন ও বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া। শুক্রবার সকাল ৯টার দিকে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন।
এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা আসেন। বিমানবন্দরে তাকে স্বাগত জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ ও নজরুল ইসলাম খান,
ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, আলতাফ হোসেন চৌধুরী, চেয়ারপার্সনের উপদেষ্টা ড. ওসমান ফারুক, ব্যারিস্টার শাহজাহান ওমর, অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, ইনাম আহমেদ চৌধুরী, মাহমুদুল হাসান এমপি, বিএনপির যুগ্ম-মহাসচিব মিজানুর রহমান মিনু, বরকতউল্লাহ বুলু, রুহুল কবির রিজভী,
জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন খান সোহেল, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, প্রমুখ। এছাড়া দলের বিপুল সংখ্যক নেতাকর্মী চেয়ারপার্সনকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত হন।
গত ৮ আগস্ট সৌদি সরকারের আমন্ত্রণে ওমরাহ পালন করতে যান বেগম খালেদা জিয়া। সৌদি বাদশাহর রাজকীয় অতিথি হিসেবে তায়েফের শাফা প্যালেসে অবস্থান করেন তিনি। ওমরা পালন, পবিত্র কাবা শরিফে তারাবি নামাজ আদায় ও লাইলাতুল কদরের বিশেষ ইবাদত বন্দেগি শেষে ১৫ আগস্ট মদিনা যান তিনি। সেখানে রাতে তিনি মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারক জিয়ারত করেন।