2012-01-31 15:29:33
অক্টোবর থেকে- মার্চ : বহুল আলোচিত ‘দোয়েল ল্যাপটপ’ বাজারজাতকরণ বন্ধ
অনলাইন ডেস্ক
সিলেটনিউজ২৪.কম
দোয়েল মডেলের নেটবুক সংযোজন ও বাজারজাতকরণের কার্যক্রম আপাতত বন্ধ রয়েছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ।মঙ্গলবার সুবিদ আলী ভূঁইয়ার এক প্রশ্নের জবাবে রাজিউদ্দিন আহমেদ সংসদে এ কথা জানান।
রাজিউদ্দিন আহমেদ বলেন, গত বছরের ১১ অক্টোবর প্রধানমন্ত্রী দোয়েল ল্যাপটপ সংযোজন ও বিপণন কার্যক্রম উদ্বোধনের পর দোয়েল ব্রান্ডের ২০১২ মডেলের প্রতিটি ১০ হাজার টাকা মূল্যে স্বল্পসংখ্যক নেটবুক বিতরণ করা হয়।
সে সময় ল্যাপটপ ব্যাপকভাবে উৎপাদন ও বাজারজাত করণের আগে পরীক্ষা-নিরীক্ষার জন্য বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়।
কমিটির মতামতের ভিত্তিতে ১০ হাজার টাকা মূল্যমানের দোয়েল-২০১২ মডেলের নেটবুক সংযোজন ও বাজারজাতকরণের কার্যক্রম আপাতত বন্ধ রয়েছে।
অদূর ভবিষ্যতে আরও কম মূল্যে টেশিসে ট্যাবলেট পিসি সংযোজনের কার্যক্রম নেওয়ার বিষয়টি বিবেচনাধীন।
সফিকুল ইসলামের প্রশ্নের জবাবে টেলিযোগাযোগমন্ত্রী বলেন, গত তিন বছরে অবৈধ ভিওআইপি কার্যক্রম প্রতিরোধে বিটিআরসি নয় লাখ ৭৫ হাজার ৭৯০টি মোবাইল সিম বন্ধ, ২১টি অপারেটরের লাইসেন্স বাতিল, ৩০ হাজার ৭৮৯টি আইপি অ্যাড্রেস বন্ধ করেছে।
তিনি জানান, বিগত সরকারের সময় বৈধ পথে গড়ে প্রতিদিন দুই কোটি মিনিট আন্তর্জাতিক কল আদান-প্রদান হতো। বর্তমানে বৈধ পথে গড়ে প্রতিদিন সাড়ে চার কোটি মিনিট কল আদান-প্রদান হচ্ছে।
ইসরাফিল আলমের প্রশ্নের জবাবে রাজিউদ্দিন আহমেদ জানান, বর্তমানে দেশে নিবন্ধিত চালু (অ্যাকটিভ) মোবাইল গ্রাহকসংখ্যা ৮ কোটি ৫৪ লাখ। ছয়টি অপারেটরের এসব গ্রাহক ১৯ হাজার কোটি টাকার বেশি সেবা মূল্য পরিশোধ করেছে।